রাজধানীর যানজট বিশেষ করে তেজগাঁও এলাকার যানজট নিরসনের লক্ষ্যে তেজগাঁওস্থ ট্রাকস্ট্যান্ড পর্যায়ক্রমে অন্যত্র স্থানান্তর করা হবে। কোনো অবস্থাতেই ট্রাক-কাভার্ডভ্যান তেজগাঁও অঞ্চলের রাস্তার ওপর রাখা যাবে না। প্রথম পর্যায়ে ট্রাকস্ট্যান্ডে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচেছদ করে সেখানে ট্রাক-কাভার্ডভ্যান সারিবদ্ধভাবে রাখতে হবে।
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁওস্থ ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর বিষয়ে এক আলোচনা সভায় এ সব সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয় যে, ট্রাকস্ট্যান্ডের ভেতরের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর বিকালে এলজিআরডি, সড়ক পরিবহন, নৌপরিবহন, রেলপথ ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সেখানে যাবেন।
সভায় জানানো হয় যে, ট্রাকস্ট্যান্ডের ভেতরের কোনো জায়গা যেন গ্যারেজ হিসেবে ব্যবহার করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। রাজধানীর চারপাশে বিভিন্ন স্থানে বহুতল ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হবে। এ লক্ষ্যে জায়গার প্রাপ্যতার বিষয়ে ঢাকা জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে।
