রাজধানীতে চুলার আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১০:২০
রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের দগ্ধ পাঁচজনের মধ্যে গৃহকর্মী সখিনা বেগম (৪৮) মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। সখিনা বেগম গাজীপুর জেলার হারুনুর রশীদের স্ত্রী।
 
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া দগ্ধদের মধ্যে রেহেনা আকতার ও তার ছেলে তানভির আহম্মেদ নিলয়ের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
 
দক্ষিণখানের একটি বাসায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গৃহকর্মী সখিনা চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন লেগে যায়। এতে গৃহকর্ত্রী রেহেনা আকতার (৪০), তার মেয়ে আফসানা (১৯), দুই ছেলে রেজওয়ান আহম্মেদ শুভ (১৬) ও তানভীর আহম্মেদ নিলয় (১২) এবং গৃহকর্মী সখিনা বেগম (৪৮) দগ্ধ হন। পরে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ ভাগ দগ্ধ ছিল।