ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডে এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির সদর দফতরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
কমিশনার বলেন, যে তথ্য পাওয়া গেছে, তাতে এ হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে দেশি ও আন্তর্জাতিক চক্র জড়িত। এ কারণে হত্যাকারীদের গ্রেফতারে কিছুটা সময় লাগছে।
গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়।
তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
