সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকায় বনদস্যু আমির বাহিনীর এক সদস্যকে চারটি অস্ত্রসহ আটক করেছে র্যাব ও বনবিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে জেলার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার কাঠেশ্বর বন বিভাগ স্টেশনের পাশে কালিরখাল এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী। আটক ফরিদ মোল্যা (২০) উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এসএম শোয়েব খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ফরিদকে দুটি দেশি ও দুটি বিদেশি বন্দুকসহ আটক করা হয়।
র্যাব-৬ এর সিটিসি অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল ইসলাম বলেন, ‘ফরিদ মোল্যা বনদস্যু আমির বাহিনীর অন্যতম সদস্য বলে জানা গেছে। তাকে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
