আন্তর্জাতিক প্রকাশনা অঙ্গনে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো। গত ১৫ অক্টোবর ৬৭তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ স্ট্যান্ড এর উদ্বোধন হলো। আনুষ্ঠানিক ভাবে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং সমিতির নির্বাহী পরিচালক ও পাঞ্জেরী পাবলিকেশন্স-এর পরিচালক কামরুল হাসান শায়ক।
আরও উপস্থিত ছিলেন অংকুর প্রকাশনীর স্বত্বাধিকারী মেসবাহ উদ্দিন আহমেদ, পাক্ষিক অন্যদিন এর ব্যবস্থাপনা সম্পাদক সিরাজুল কবির চৌধুরী, স্থানীয় বেতার বাংলার হাবিব বাবুল, সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি, কমিউনিটি ব্যক্তিত্ব মাহাফুজ ফারুক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ প্রমুখ।
এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলার মাধ্যমে আন্তর্জাতিক প্রকাশনা অঙ্গনে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের প্রকাশনা শিল্পের জন্য এবারের বইমেলা বিশেষ তাৎপর্যপূর্ণ এই জন্য যে, ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এবারই প্রথম বাংলাদেশের আনুষ্ঠানিক অংশগ্রহণ। বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি মেলায় অংশ নিচ্ছে। বাংলাদেশ স্ট্যান্ডে প্রদর্শিত হচ্ছে দেশে প্রকাশিত বিদেশি ভাষায় অনূদিত বইগুলো।
আন্তর্জাতিক বইমেলা উপকমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম জার্মানি থেকে ইত্তেফাককে জানান, আজ অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন-এর কংগ্রেস। এই কংগ্রেসে আইপিএ-এর সদস্যপদ প্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদি তা হয়, তবে সেটাও হবে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে যাচ্ছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রতিনিধি দলের আরেক সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী। তারা আজ ফ্রাঙ্কফুর্ট পৌঁছবেন এবং মেলা কর্তৃপক্ষ ও আইপিএ-এর সঙ্গে দু’টি বৈঠক করবেন।
