নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভার উপর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদের কর্মীরা হামলা করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে ডোমার থানায় লিখিত অভিযোগ করেন সাবেক এ সংসদ সদস্য।
ড. হামিদা বানু শোভা অভিযোগ করে বলেন, দুপুরে আমি ও আমার দুই ভাই পারিবারিক কাজে বোড়াগাড়ি ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকায় যাচ্ছিলাম। কিন্তু বাড়ির সামনে কয়েক জন লাঠি-সোটা নিয়ে তাদের পথ রোধ করে। এসময় চান্দিনা পাড়া এলাকার মো: আঞ্জারুল, ফুলজান বেগম, ফাতেমা বেগম, বাবলু ও ডাব্লু আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এতে আমি থানায় একটি অভিযোগ করি।
উপজেলা পরিষদের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়নে আমি সাবেক সংসদ সদস্য শোভাকে সমর্থন না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। উপজেলা নির্বাচনে তিনি আমাকে হারাতে উঠেপড়ে লেগেছেন। হামলার ঘটনাটি নাটক।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোকছেদ আলী অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, পুলিশকে হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
