পিছিয়ে পড়া নারীদের হাত ধরে এগিয়ে নিতে হবে ---------------স্পিকার

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:৪৮

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পিছিয়ে পড়া নারীদের হাত ধরে এগিয়ে নিতে হবে। সমাজে অনেক নারী আছেন যারা সুযোগ পেলে আমাদের মতো কিংবা তারচেয়ে অনেক বেশি কাজ করতে পারতেন। বাংলাদেশের নারীরা যে কোনো প্রতিকূলতা পেছনে ফেলে সফলতার চাবি ছিনিয়ে আনতে পারে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যমে নারী পুরুষ সমতা:প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় দুই কৃতী নারী সাংবাদিক সেতারা মূসা এবং মাহবুবা চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী সাংবাদিকের পদোন্নতিতে বৈষম্য দূর করতে অন্য কর্মক্ষেত্রের পদোন্নতি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নারী সাংবাদিকদের বৈষম্য ও দাবির বিষয়ে সম্পাদকদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। নারীরা এখন অভূতপূর্ব উন্নতি করে বিশ্বে রোল মডেল হয়েছে।অনুষ্ঠানের বিশেষ অতিথি দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, নারীর চোখে বিশ্ব দেখলে নারী নির্যাতন কম হতো। বহু আগে থেকে সাংবাদিকতায় নারীরা আছেন। তখন ইনস্টিটিউশনও ছিল না। আজ নারীদের অবস্থান দৃঢ় করতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, আমাদের নারীরা অনেক এগিয়েছে। অনেক আলো যেমন আছে তেমন আঁধারও আছে। তবে আশার কথা হলো আজকের নারী দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিটি নারী কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোরের বার্তা প্রধান শাহনাজ মুন্নী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, নারী সাংবাদিক ফোরামের সভাপতি মমতাজ বিলকিস। ‘গণমাধ্যমে নারী পুরুষ সমতা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের সাংবাদিক রিতা ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম।