‘ব্যবসায়ী রাজনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে’

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ২০:৪৯
 
পুরান ঢাকার কাপ্তানবাজারের ব্যবসায়ী প্রকৌশলী আরেফিন আবেদীন খান রাজনকে (২৮) ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে শুক্রবার রাজনের মা হোসনে আরা বেগম কেরানীগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
রাজনের লাশ নিখোঁজে এক দিন পর বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার চিতাখোলার একটি ডোবা থেকে পুলিশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
পারিবারিক সূত্র জানায়, নিহত রাজ কাপ্তানবাজার (নবাবপুর) এলাকার এরশাদ মার্কেট ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। এ মার্কেটে ‘বিক্রম পাওয়ার’ নামে তার এনার্জি বাল্ব বিপণনকারী একটি প্রতিষ্ঠান রয়েছে।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান—শুক্রবার নিহতের পরিবার থেকে থানায় মামলা হয়েছে। তিনি ধারণা করছেন—ব্যবসায়ী রাজনকে ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে হত্যা করা হয়। এরপর লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেটি একটি ডাম্পিং স্পট। সুরতহাত রিপোর্টের ধরন অনুয়ায়ী মনে হচ্ছে—ঘাতকরা রাজনের মাথা থেঁতলিয়ে হত্যা করে।  এরপর লাশ গুম করার উদ্দেশ্যেই পুঁতে রাখা হয় ডোবার পানিতে।
 
নিহত রাজনের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘রাজনের সঙ্গে কারো কোনো ধরনের বিরোধ ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে, বুঝতে পারছি না। আমরা কাউকেই সন্দেহ করছি না। মামলা হয়েছে, আশা করি—পুলিশ তদন্ত করে হত্যার রহস্য বের করতে পারবে, ঘাতকদেরও গ্রেফতারে সক্ষম হবে।’