গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
২০২৩ সালের মধ্যে বাংলাদেশে ৯০ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারীর হাতে এ দেশের তৈরী হ্যান্ডসেট থাকবে। বর্তমানে আমাদের তৈরী কম্পিউটার বিদেশে রফতানি হচ্ছে। আগামীতে যেসব দেশ আমাদের দেশে কম্পিউটার-মোবাইল সেট সংযোজন না করবে, তাদের তৈরী কম্পিউটার এদেশে বিক্রির অনুমতিও দেয়া হবে না। বাংলাদেশ এখন শুধুই কৃষিনির্ভর দেশ নয়। আগামীতে জাতীয় আয়ের বড় একটা অংশ প্রযুক্তি খাত থেকে আসবে।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আগামীতে বাংলাদেশের এমন কোনো ক্লাসরুম থাকবে না যেখানে প্রযুক্তি ব্যবহার ছাড়া শিক্ষার্থীদের পড়ানো যাবে। আমি বলছি না, আমাদের শিক্ষকদের কম্পিউটার বিজ্ঞানী হতে হবে। তবে তাদের কম্পিউটার পরিচালনায় প্রাথমিক জ্ঞান টুকু থাকতেই হবে। যেমন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করানো, গুগল সার্চসহ শিক্ষার্থীদের একটি বিষয়ে বিশদভাবে জানার জন্য সংশ্লিষ্ট লিঙ্কটি জানিয়ে দেয়ার মতো যোগ্য হতে হবে। এইটুকু যোগ্যতা যদি কোনো শিক্ষকের না থাকে, তবে সেই শিক্ষকের আগামী ২০২৩ সালের পরে চাকরি থাকার সম্ভাবনা নেই।’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণ শুরু করেছি। বর্তমানে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে ৪টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের সব টিভি চ্যানেল এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হবে। এর ফলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারছি।
