ভিআইপিদের প্রভাব বিস্তারের কারণে তিন উপজেলার ভোট স্থগিত

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:২৯

নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে ভোটের একদিন আগেই লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্য কমিশনাররা, অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আশাদুল হক জানান, বিভিন্ন ধরনের সমস্যার কারণে এ সব উপজেলার ভোট স্থগিত হয়েছে।

সভার আগ পর্যন্ত আগামীকাল রবিবার পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম পর্যায়ে চার বিভাগের ১২ জেলার ৮৩ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। সভায় তিন উপজেলা বাদ পড়ায় ৮০ উপজেলায় ভোট হবে। ভোটে স্থানীয় এমপিদের প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে ইতোমধ্যে। স্থানীয় ৯ এমপিকে এলাকা ছাড়ারও নির্দেশনা দিয়েছিল।আচরণ বিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগের পর অনন্যোপায় হয়ে এ তিন উপজেলার ভোট স্থগিত করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রভাবমুক্ত নির্বাচন করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় লালমনিরহাটের পাটগ্রামের ওসিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রভাব খাটানোর অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

যে ৮০ উপজেলায় ভোট হবে

এগুলো হলো— রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা; নীলফামারীর ডোমার, ডিমলা, নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা।

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং নেত্রকোনা জেলার বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা, মদন ও সদর উপজেলা।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং হবিগঞ্জ জেলার বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; জয়পুরহাটের সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা।