মিশরে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৩:০২


মিশরের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় দেশটির প্রবাসী নাগরিকরা ভোট দিচ্ছেন। রবিবার থেকে মিশরের দূতাবাস এবং কনস্যুলেটগুলোতে ১৩৯টি দেশে দুই দিনব্যাপী এই ভোট গ্রহণ চলবে।

২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভূত্থানের মাধ্যমে উৎখাতের পর এটাই প্রথম সংসদীয় নির্বাচন।

দুই ধাপে সম্পন্ন হবে দেশটির নির্বাচন প্রক্রিয়া। ডিসেম্বরের শুরুর দিকে তা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ভোটের মাধ্যমে দেশটির জনগণ ৫৯৬ জন নিম্নকক্ষের সদস্য নির্বাচন করবে।

মিশরের সংবাদ সংস্থা মেনা জানায়, ভোটকে কেন্দ্র করে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশকে সহায়তায় মোতায়েন করা হয়েছে এক লাখ ৮৫ হাজার সেনা সদস্য।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে যেসব প্রার্থী তাদের বেশিরভাগই বর্তমান সরকারপন্থি।  মিশরে গণতন্ত্রের পথ উত্তরণে চূড়ান্ত ধাপে এ ভোট হতে যাচ্ছে।