প্রথমবারের মতো দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ‘পিআর ইন্সপেকশন’ চালু হয়েছে। এই নিয়মের আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নতুন এই নিয়মের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এই নিয়মে শিক্ষাবর্ষের শেষে নির্ধারিত সময়ে সমজাতীয় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা পারস্পরিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এক্ষেত্রে তাদের আরো দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক মফিজ উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান উপস্থিত ছিলেন।
