চাঁদা না দেয়ায় মহিলা কাউন্সিলরকে নির্যাতন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৬:০১
কুমিল্লার চান্দিনায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা উঠানোকে কেন্দ্র করে এক চালকসহ যাত্রীদের ওপর হামলা করে বখাটেরা। রবিবার দুপুরে চান্দিনা বাজারে এ ঘটনা ঘটে।
 
এ সময় অটোরিকশার যাত্রী চান্দিনা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম (৪৫), তার ছেলে দেলোয়ার হোসেন ও তাহমিনা নামের আরও এক যাত্রী আহত হন।
 
কাউন্সিলর জাহানারা বেগম বলেন, 'আমরা অটোরিকশা যোগে বেলাশহর থেকে বাড়ি ফিরছিলাম। অটোরিকশাটি বাজারে আসা মাত্র একজন যুবক এসে চালকের কাছে ৩০ টাকা চাঁদা দাবি করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা চালককে এলোপাথারী মারধর শুরু করে। আমরা তাকে রক্ষা করতে গেলে বখাটেরা আমাদেরও মারধর করে শারীরিক নির্যাতন করে। 
 
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, আহত মহিলা কাউন্সিলর থানায় এসে অভিযোগ করেছেন। বখাটেদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।