যুক্তরাষ্ট্র নতুন সতর্কবার্তা দেয়নি: বার্নিকাট

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৬:২১
 
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি। আগের বার্তাটাই শুধু নবায়ন করেছে। রবিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
বার্নিকাট বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী যে সহযোগিতা করছে তা সত্যিই সন্তোষজনক।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে দেওয়া সাম্প্রতিক বক্তৃতায় বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সরকার এই ধরনের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত।
 
এর আগে শনিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বার্তা হালনাগাদ করা হয়। এই বার্তায় বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।