শিমুল বিশ্বাসকে নরসিংদী কারাগারে স্থানান্তর

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩১

ইত্তেফাক রিপোর্ট

এক বছরের বেশি সময় নারায়ণগঞ্জ কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক নেতা গুরুতর অসুস্থ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নরসিংদী কারাগারে নেওয়া হয়েছে। তার পরিবার-স্বজন ও বিএনপির পক্ষ থেকে শুক্রবার অভিযোগ করা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও কারাগারে শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিত্সা না দিয়ে হঠাত্ করে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কারাগার থেকে নরসিংদীতে নেওয়া হয়। ডিভিশনপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও নরসিংদীতে তাকে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শিমুল বিশ্বাসের চিকিত্সা নিয়ে কারা কর্তৃপক্ষ ও সরকারের অবহেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চিকিত্সা না দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র চলছে।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি মাসে বেগম জিয়ার সঙ্গে থাকা শিমুল বিশ্বাসকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ গ্রেফতার করে।