ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম মো. সিজান। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। তার আগে ছুরিকাঘাতে আহত অবস্থায় সিজানকে একজন রিকশাচালক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কে বা কারা ছুরিকাঘাত করে সেজানকে হত্যা করলো সে ব্যাপারে পুলিশ কিছুই জানতে পারেনি। পুলিশের ধারণা ওই কিশোর বখাটে ছিল। বন্ধুদের সঙ্গে ঝামেলায় সে খুন হতে পারে।
জানা গেছে, সেজানের বাবার নাম মকবুল মিয়া। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী। তারা পুরান ঢাকার চকবাজার থানার হোসেনি দালান এলাকায় থাকেন। সিজানের বাবা হাসপাতালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে তার ছেলে বাসা থেকে বের হয়েছিল। এরপর কোথায় গেছে তা তিনি জানেন না। ওই রাতেই শুনেন তার ছেলেকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে লাশ দেখতে পান।
