শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবিতে হল প্রভোস্টের পদত্যাগ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩৬

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন ভাষা প্রয়োগের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার দীর্ঘসময় তাকে অবরুদ্ধ করে রাখার পর হল অফিসের সামনেই তিনি এ ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র রাইহান। এ সময় উদাসীনভাবে যাওয়া প্রাধ্যক্ষপুত্রের পা রাইহানের মাথায় লাগে। এরপর রাইহান তার কোন বিভাগ জানতে চাইলে ক্ষেপে গিয়ে প্রাধ্যক্ষপুত্র ‘দুই পয়সা’র ছাত্র বলে কমেন্ট করে। প্রাধ্যক্ষ মিজানুর রহমানও এসে জানতে চান কোনো শিক্ষার্থী তার ছেলের সঙ্গে মিসবিহেভ করেছে? তাকে নিয়ে আসার কথা বলেন। এ সময় প্রভোস্ট নিজেও শিক্ষার্থীদেরকে নিয়ে অশালীন মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন এবং কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

এদিকে অবরুদ্ধ অবস্থায় ঘটনাস্থলে যান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পরে প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান ছাত্রদের কাছে ক্ষমা চান এবং পদত্যাগ করার ঘোষণা দেন।