উপজেলা নির্বাচনে অরাজকতা বরদাশত করা হবে না ----আইজিপি

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩৬

কুমিল্লা প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোথাও কোন ধরনের অরাজকতা বরদাশত করা হবে না। নির্বাচনী এলাকাসমূহে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য পুলিশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুলিশ লাইন্সে নবনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবিরউদ্দিন আহমেদ ব্যারাক ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার, কুমিল্লা জেলা, সার্কেল ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা।