বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজার মহাষষ্ঠী আজ সোমবার। রাত ৯টা ৫৭ মিনিট অবধি তিথি থাকবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উত্সবের। অবশ্য এবার নবমী ও বিজয়া দশমীর তিথি পড়েছে একই দিনে।
IMG0
মঙ্গলবার মহাসপ্তমী। মহাসপ্তমীর প্রভাতে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কলাবউ স্নান ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহিত পূজা। মহাসপ্তমীতে ষোড়শ উপচারে দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় পূজামণ্ডপে ভক্তিমূলক গান, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।
IMG1
২১ অক্টোবর মহাঅষ্টমীর দিন সকালে কুমারী পূজা ও রাতে সন্ধিপূজা, কালীপূজা। ২২ অক্টোবর মহানবমী এবং বিজয়া দশমী। তিথির কারণে কিছুটা তারতম্য এসেছে এবারের পূজার নির্ঘণ্টে। এবার একই দিনে নবমী ও দশমী পূজা হলেও শুক্রবার ২৩ অক্টোবর প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।
IMG2
এ বছর দেবী দুর্গা শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে আসছেন ঘোড়ায় চড়ে। আর ফিরে যাবেন দোলায় চেপে।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ২২২টি।
