বিএনপি ধোঁকাবাজের দল --------তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩৭

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে ধোঁকাবাজের দল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সব সময়ই ইসলামকে ব্যবহার করেছে এবং এখনো করছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ধর্মকে ব্যবহার করলেও বিএনপি কখনোই এ দেশে ইসলামের খেদমতের জন্য কিছুই করেনি। বরং ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনো কাজ তারা করেনি।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।