স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ওসমান পরিবারকে মানুষ ত্বকীর খুনি হিসেবেই বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ত্বকী হত্যার বিচার হয়নি, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি বিবেকবান, সংবেদনশীল মানুষের মনে মনে ওসমানের পরিবারের বিচার হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকালে শহরের ডিআইটি চত্বর এলাকায় তানভীর মোহাম্মদ ত্বকীর অপহরণ ও হত্যার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজিত সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিহত ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। সুলতানা কামাল বলেন, বর্তমানে সারা বাংলাদেশের মানুষ মহাসংকটে ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। ত্বকী হত্যার বিচারের দাবিতে সংহতি জানিয়ে এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত পাশে থাকার কথা জানান তিনি। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সভাপতি নিখিল দাস, নাগরিক কমিটির জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপ ও নাগরিক কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন। সমাবেশ শেষে ডিআইটি থেকে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
