ঢাকার বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চার সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। জামিন আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহম্মদ ইউসুফ হাসান এই আদেশ দেন।
তারা হলেন- আরিফুর রহমান, জাকিয়া সুলতানা, ফিরোজ আলম খান ও হাসিবুল হাসান।
শিশু পাচারের অভিযোগের প্রমাণ না পাওয়ায় আজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। একই সঙ্গে গ্রেফতার আসামিদের অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, অদম্য বাংলাদেশ পাচারের উদ্দেশে ঐ শিশুদের আটকে রাখেনি বলে তদন্তে উঠে এসেছে।
গত ১২ সেপ্টেম্বর বনশ্রীর ‘সি’ ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করে পুলিশ। সে সময়ই তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মানবপাচার আইনে মামলা করেন উদ্ধার হওয়া এক শিশুর চাচা।
