বিদেশিদের নিরাপত্তায় কৃতজ্ঞ বার্নিকাট

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ২২:০১
 
সম্প্রতি বিদেশিদের নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।
 
বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা দিতে অনুরোধের প্রেক্ষিতে সরকার ব্যাপকভাবে সাড়া দিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, হুমকির মুখে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার ব্যাপকভাবে সাড়া দেওয়ায় আমরা কৃতজ্ঞ।' যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ অনুসরণকারীদের সঙ্গে চ্যাট করার সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
সম্প্রতি রাজধানীর গুলশানে ইতালির নাগরিক সিজারি তাভেল্লা ও রংপুরে জাপানের হসি কুনিও দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর বাংলাদেশ ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য হংকংসহ বেশ কয়েকটি দেশ। এর মধ্যেই গত শনিবার তার নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।
 
এর প্রেক্ষিতে দেশে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেয় সরকার।
 
দুটি হত্যাকাণ্ডেই দায় স্বীকার করে টুইট করেছিল ইসলামিক স্টেট (আইএস)। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই দুই খুনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি।