বাগেরহাট-১ (চিতলমারী-ফকিরহাট ও মোল্লাহাট) আসন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এক, বিএনপিতে সাত

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:২৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-ফকিরহাট ও মোল্লাহাট) আসনে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বেশ কয়েকজন। বরাবরের মতোই এ আসন থেকে পরপর চারবারের সংসদ সদস্য আওয়ামী লীগের একমাত্র প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুুত্র শেখ হেলাল উদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আওয়ামী লীগের এ দুর্গে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে আরো ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এর মধ্যে বিএনপি থেকে দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতজন। তারা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সহ-সভাপতি প্রকৌশলী মাসুদ রানা, বিএনপি নেতা রবিউল ইসলাম,  জেলা বিএনপি নেতা ও জাসাস কেন্দ্রীয় নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন, চিতলমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুনা গাজী, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শরিফুল কারিম কামাল, চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডা। অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক আল জুবায়ের ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ লিয়াকত আলী।