ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলে মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘এ রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই এ রায় দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘উচ্চ আদালতে আবেদন করে তারপর সাদেক হোসেন খোকা চিকিত্সার জন্য বিদেশ গিয়েছেন। কিন্তু আদালত তাকে পলাতক দেখিয়ে রায় তার বিরুদ্ধে রায় দিয়েছে। এটা বেআইনি।’
মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তেরো বছরের কারাদণ্ড প্রদান করেছে।
এ বিষয়ে বিএনপি মুখপাত্র বলেন, এই রায়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বিএনপির এই নেতা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই মামলায় তাঁকে পলাতক দেখিয়ে বিচার করলেও-প্রকৃতপক্ষে তিনি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তার কিডনির ক্যান্সারের উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং তিনি এখনও সেখানে নিয়মিত চিকিত্সা গ্রহণ করছেন। এমতাবস্থায় উচ্চ আদালতের রায় বাতিল না করে নিম্ন আদালতে তাঁর বিচার প্রক্রিয়া শুরুটাই ছিল আইন বহির্ভূত।
