সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের কেউ শাস্তি থেকে রেহাই পাবেন না। এক্ষেত্রে কোনো প্রকার ছাড়, নমনীয়তা বা শৈথিল্য প্রদর্শন করা হবে না ।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁও বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়িয়েছে সরকার। কিন্তু এখন তারা অনেকেই (পরিবহন মালিক-শ্রমিক) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছেন। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। আমি নিজে রাস্তায় থাকবো তবু ভাড়া বাড়তে দিবো না। যারাই অতিরিক্ত ভাড়া আদায় করবেন তাদেরকেই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’
