নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১০:৩০
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে  দু’পক্ষের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা জানায়, হান্দলা গ্রামের জাকির মেম্বর ও টুকু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে টুকু শেখের ছেলে মহি শেখ (১৯) মাঠে ঘাস কাটার সময় জাকির মেম্বরের পক্ষের আজগর, কাছেদ ও নূর ইসলামসহ কয়েকজন মারধর করে। এ ঘটনার জের ধরে বুধবার ভোরে দু’পক্ষ ঢাল, সুড়কি, রামদা ও ইটপাটকেলসহ ছোট হান্দলা গ্রামের আইবো শেখের বাড়ির সামনে সংঘর্ষ হয়। 
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।