বুধবার কুমারী পূজা

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৪:০২

 

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ বুধবার। বেলা ১০টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এক বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে সনাতনধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করছেন।

 

শ্রীরামকৃষ্ণের ‘কথামৃতে’ বলা আছে, ‘সব স্ত্রী লোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম এবং পরিচয় পূজা সূচনার পূর্বাব্দি প্রকাশ করা হয় না। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি  করাই কুমারী পূজার লক্ষ্য। নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় কুমারীকে। ফুলের মালা, চন্দন ও নানা অলংকার- প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হয় তাকে।

 

দুর্গোত্সবের দ্বিতীয় দিন মঙ্গলবার ছিল মহাসপ্তমী। এদিন ত্রি-নয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজাশেষে যথারীতি অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিল।

 

আগামীকাল মহানবমী ও দশমী পূজা। নির্ঘণ্ট অনুযায়ী পূর্বাহ ৯-৫৭’র মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্ত। পূজাশেষে অঞ্জলি প্রদান এবং দেশ ও বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।