'দেশে দারিদ্র বিমোচনের মূল চালিকা শক্তি কৃষি আর কৃষক'

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৭:৫৩
 
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, দেশের দারিদ্র বিমোচন করার মূল চালিকা শক্তিই হচ্ছে কৃষি আর কৃষক। গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত হতদরিদ্র কৃষকদের জীবনযাত্রা মানের উন্নয়নে বর্তমান সরকার কৃষক বান্ধব হিসাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
 
বুধবার দুপুরে রাণীনগর উপজেলা চত্বরে কৃষি মন্ত্রাণালয় হতে প্রাপ্ত রবি শস্য- ২০১৫-১৬ইং মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের গম, সরিষা ও ভুট্টা চাষাবাদে উৎসাহ প্রদানের নিমিত্তে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুর্ণবাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ইসরাফিল আলম বলেন, আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ সকল ক্ষেত্রেই মূল চালিকা শক্তিই এ দেশের কৃষক। কৃষি আর কৃষককে বাদ দিয়ে দেশের জাতীয় অর্থনৈতিক ভিত্তি টিকে থাকতে পারে না। কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকতার উৎকর্ষ দিয়ে সময়পোযোগী করতে জননেত্রী শেখ হাসিনা’র সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে মোকাবেলা করে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে বিগত দিনের চেয়ে চারগুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে জাতীয় উন্নয়নে কৃষি থেকে ১৯% জিডিপিতে অবদান রাখছে। উন্নয়নের অগ্রগতি দারিদ্র বিমোচনে কৃষকদের ভূমিকা অপরিসীম ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কৃষি বান্ধব এই সরকার সবসময় আছে।
 
এদিন সকাল ১১টায় রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, কৃষি অফিসার এসএম গোলাম সারোওয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ, সম্পদক মফিজ উদ্দিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন, আব্দুল মান্নান, বাবলু মন্ডল প্রমুখ। উল্লেখ্য উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮হাজার ৮শ’ ২০জন কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।