লন্ডনের বাসে বর্ণবাদী আচরণের শিকার এক মুসলিম নারী

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ২১:৪৪
 
লন্ডনে বাসে ৩৬ বছর বয়সী গর্ভবতী এক মুসলিম নারী বর্ণবাদের শিকার হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির প্রশাসন। জানা যায়, বর্ণবাদী সেই নারীকে আটক করেছে পুলিশ।
 
ভিডিওটিতে দেখা যায়, গর্ভবতী এক নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছিল এক নারী। সে সময় আশেপাশে বেশ কয়েকজন মুসলিম নারী ছিলেন। তিনটি শিশুও সেই স্থানে উপস্থিত ছিলেন। ফলে মুসলিম নারীরা বর্ণবাদী নারীটিকে বারবার থামার জন্য অনুরোধ করছিল। কিন্তু সাইমন জোসেফ নামের সেই বর্ণবাদী নারী তার উত্তরে বারবার বলছিল, পারলে আমাকে থামাও।
 
এই সময় বাসটিতে থাকা অন্য মুসলিম মহিলাদেরকে 'আইএসআইএস' বলে সম্বোধন করে জোসেফ। সেই সঙ্গে চলতে থাকে অকথ্য ভাষায় গালাগালি। তার এই আচরণের ভিডিওটি মোবাইলে ধারণ করে সেখানে উপস্থিত থাকা একযাত্রী। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। দেশটির মিডিয়া ও সরকারি প্রতিষ্ঠানগুলো বিষয়টিকে আমলে নিয়ে শেষ পর্যন্ত গ্রেফতার করে জোসেফকে। জোসেফও তার ভুল স্বীকার করে নেয়।
 
এদিকে স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে এই ঘটনাকে নাৎসি বাহিনীর ইহুদি বিদ্বেষের সঙ্গে তুলণা করেছে। সেই সঙ্গে এই ধরণেই ঘটনা যেন পুনরায় না ঘটে, সে জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে লন্ডন প্রশাসনকে। স্কাই নিউজ।