কল ড্রপ পুরোপুরি দূর করা সম্ভব নয়- বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ০০:৫০

গতকাল বুধবার দায়িত্বের শেষ কার্যদিবসে বিটিআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, যে ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে তা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা নেই। সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনে পৃথক একটি সংস্থা গঠন করা উচিত। সময় বদলে গেছে। এখন আবারও আইন সংশোধন করে বিটিআরসিকে পূর্ণ স্বাধীনতা দেয়া দরকার। তিনি আরও বলেন, বেতার তরঙ্গ দিয়ে পরিচালিত নেটওয়ার্কে একশ’ ভাগ কল ড্রপ নিরসন করা যায় না। এমএনপি চালু হলে কল ড্রপ কমবে বলে তিনি মত দেন।

 

সংবাদ সম্মেলনে সুনীল কান্তি বোস বলেন, তার সময়ে আইজিডব্লিউ, আইআইজি এবং আইসিএক্স লাইসেন্স অনেক বেশি দেয়া হয়েছে সত্য। এ নিয়ে সমস্যা হয়েছে, এখনও ১০টি আইসিএক্স কোম্পানি তাদের কার্যক্রম শুরুই করতে পারেনি। তার তিন বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে বলেন, থ্রিজি সেবা চালু হয়েছে, বৈধ পথে আন্তর্জাতিক ইনকামিং কল বেড়েছে, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উেক্ষপণের প্রক্রিয়া শুরু হয়ে এখন উেক্ষপণের পথে রয়েছে। আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি সাইবার নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, এখন যে ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে তা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা নেই।