দিনাজপুরে বাল্য বিয়ের চেষ্টা, বাবা-মায়ের দণ্ড

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১২:৪৮

দিনাজপুরের ঘোড়াঘাটে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা করায় ঐ ছাত্রীর বাবাকে কারাদণ্ড আর মাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলার পাঁচপীর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে ঐ এলাকার আব্দুর রশিদ ও নাজমা বেগমের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখছানা বেগম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে উপস্থিত হয়। পরে আদালত কনের বাবাকে ১৫দিনের কারাদণ্ড আর কনের মা নাজমা বেগমকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়।

ঘোড়াঘাট থানার ওসি নূরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ড দেয়ার পর রাতেই আব্দুর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে।