খোকার কারাদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৫:৪৫
 
দুর্নীতির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কারাদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ।
 
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দণ্ডাদেশ প্রত্যাহারের দাবি জানান।
 
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সহ-সভাপতি আব্বাস উদ্দিন দুলাল, যুগ্ম সম্পাদক আজাদ বাকির, গিয়াস উদ্দিন, মহিলা সম্পাদক মাহমুদা শিরীন প্রমুখ। সমাবেশের সঞ্চালক ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা।
 
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসায় উন্মত্ত হয়ে প্রবীণ রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ফরমায়েশি দণ্ডাদেশ দিয়েছে, যাতে তিনি দেশে ফিরতে না পারেন।
 
IMG0
 
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির আরেক অংশ স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, সাদেক হোসেন খোকা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপি নেতারা দাবি করেন, শারীরিক অসুস্থতা নিয়ে সাদেক হোসেন যখন নিউইয়র্কে অবস্থান করছেন, তখন তাকে আদালতের মাধ্যমে হেয় করা হচ্ছে।
 
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। লিখিত বক্তব্যে তিনি বলেন, উচ্চ আদালতের অনুমতি নিয়ে সাদেক হোসেন খোকা দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। তিনি অবিলম্বে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ প্রত্যাহারের দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, হেলাল উদ্দিন, এবাদ চৌধুরী, আতিকুল হক আহাদ, প্রমুখ।