রাজধানীর গুলশানে কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর সময় চারজন আহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে দেরিতে হলেও আদালতের নির্দেশে আলোচিত এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ খান।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঐ ঘটনায় আহতরা জানিয়েছেন যে তারা মামলা করবেন না। এ কারণে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করবে। গুলশান থানার ওসি আরো বলেন, আহতদের মধ্যে গ্রামীন ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম এখনও ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। রফিকুল ইসলাম তাকে জািনয়েছেন, তিনি মামলা করবেন না। তার চিকিত্সার জন্য টাকা প্রয়োজন। চিকিত্সার মাধ্যমে তিনি সুস্থ হতে চান। এর বাইরে এই মূহুর্তে তিনি অন্যকিছু ভাবছেন না।
গত ১২ অক্টোবর গুলশানের ৭৪ নম্বর সড়কে সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের (১৬) গাড়ির ধাক্কায় দুই রিকশাচালকসহ চারজন আহত হন। এ ঘটনায় পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
