‘এএসআইয়ের খুনিরাই হোসাইনী দালানে বিস্ফোরণ ঘটিয়েছে’

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৬:৫৩
 
হোসাইনী দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, যারা দেশের স্বাধীনতা চায় না, এই দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন পছন্দ করে না, তারাই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এএসআই খুনের ঘটনায় আটকৃতের তথ্যমতে অভিযান চালিয়ে যে বোমা ও বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে, হোসাইনী দালানে বিস্ফোরিত বোমার সঙ্গে মিল রয়েছে। 
 
তিনি বলেন, রাজধানী দারুসসালামে খুন হওয়া এএসআই ইব্রাহিম মোল্লার খুনিরাই হোসাইনী দালানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
 
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে বোমা বিস্ফোরণে আহতদের খোঁজ খবর নেন। এসময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
তিনি বলেন, আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছে। যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
 
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার হোসাইনী দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক লোকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সানজু নামের একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।