ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করায় রগকাটার হুমকি দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আরাফাত হোসাইনকে। এ ঘটনায় আরাফাত শাহবাগ থানায় শুক্রবার একটি অভিযোগ দায়ের করেছেন। জিডি নং- ১৩০৯।
আরাফাত জানায়, গত ২১ অক্টোবর বিকেলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে তোলা একটি ছবি নিজের ওয়ালে শেয়ার দেন তিনি। পরদিন সকালে মো. জাবেদ নামের একটি ফেসবুক আইডি থেকে তার রগ কাটার হুমকি দিয়ে কমেন্ট করা হয়। কিন্তু ওই আইডিতে গিয়ে তার বিস্তারিত জানা যায়নি।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, জামায়াত-শিবির সারা দেশে যেভাবে বোমা হামলা ও জঙ্গি হামলা করছে, তারাই এভাবে হুমকি দিয়ে থাকে। আর রগকাটার ইতিহাস কাদের তা সবার জানা। এ বিষয়ে পুলিশ প্রশাসন তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
