পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়াদের ওপর হামলার জন্য ধর্মীয় অসহিষ্ণুতাকে দায়ী করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'ভিজিট বাংলাদেশ-২০১৬' শিরোনামে পর্যটন সাংবাদিকদের কর্মশালা উদ্বোধন করার সময় তিনি এমন কথা বলেন।
ধর্মীয় সহনশীলতার সংস্কৃতির অভাবের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'এখানে শিয়া সম্প্রদায়ের ছোট একটি জনগোষ্ঠী রয়েছে, আমরা এখন তাদেরও সহ্য করতে পারছি না। ছোট থেকে দেখে আসছি, মহরমের দিন তাজিয়া মিছিল বের হয়। কোনো দিন তাদের উপরে হামলা হয়নি।' এসময় প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, 'আমাদের ধর্মীয় অসহিষ্ণুতা কোন দিকে যাচ্ছে? আমরা কোন দিকে যাচ্ছি?'
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসাইনী দালানে সমবেতদের ওপর তিনটি বোমা ছুড়ে মারা হয়। এতে এক কিশোর নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।
রাজধানীর গুলশানে ও রংপুরে গুলিতে দুই বিদেশি নাগরিক নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর আগে বিদেশিদের হত্যার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠনটি।
উল্লেখ্য বাংলাদেশে বহুবছর ধরে তাজিয়া মিছিলের আয়োজন করা হলেও এর আগে কখনোই হামলার ঘটনা ঘটেনি।
