কুড়িলে ছিনতাইকারীর হামলায় যুবক নিহত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ০৯:১৫
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীর হামলায় অনন্ত বিশ্বাস (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে কুড়িল উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে। অনন্ত গাইবান্ধা সদর উপজেলার অনীলচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মিরপুরের শ্যাওড়াপাড়ায় ভাড়া থাকতেন।
 
অনন্তের স্ত্রী কাকলি বিশ্বাস জানান, গাইবান্ধা থেকে একটি বাসে রবিবার ভোরে কুড়িল বিশ্বরোডে নামেন তারা। পরে রিকশায় করে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড উড়াল সেতুর নিচে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতি রোধ করে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে তিন হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিলে তার স্বামী অনন্ত বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা অনন্তের মাথায় আঘাত করে। অনন্ত মাটিতে পড়ে গেলে ছিনতাইকারী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।