ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেন প্যাট্রিসিয়া মেক্সিকোতে যে মাত্রায় বিপর্যয় ঘটাবে বলে আশঙ্কা করা হয়েছিল তার তুলনায় ক্ষয়ক্ষতি বেশ কম হয়েছে। স্থানীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেয়ার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে দাবি দেশটির সরকারের। তবে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো এরই মধ্যে খালি হয়ে গেছে।
মেক্সিকোর সব এলাকা থেকেই হারিকেনের সতর্কতা তুলে নেয়া হয়েছে। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো উপদ্রুত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, যা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে ক্ষতি কম হয়েছে।
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জেলেদের একটি এলাকা প্যাট্রিসিয়ার আঘাতে মাটির সাথে মিশে গেছে। তবে দেশটি থেকে বড় প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্রমশ দুর্বল হয়ে হারিকেনটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
শুক্রবার জালিসকো রাজ্যে আঘাত হানে প্যাট্রিসিয়া। এর প্রভাবে চ্যামেলা গ্রামে বসবাসরত ৪০ টি পরিবারের কাঠ ও ইটের তৈরি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের তোড়ে বাড়িঘরের টিন ও তাল পাতার ছাউনি উড়ে গেছে। তবে সেখানকার বাসিন্দারা বেঁচে গেছেন। কারণ প্যাট্রিসিয়া আঘাত হানার আগেই লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছিল।
হারিকেনটি আঘাত হানার আগে পুয়ের্তো ভ্যালাতার সাগর তীরের হোটেলগুলো থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। হাজার হাজার পর্যটক সড়ক ও আকাশপথে এলাকাটি ছাড়েন। পরিবহণ মন্ত্রী গেরারদো রুইজ এসপারদা বলেন, প্যাট্রিসিয়ার হাত থেকে মেক্সিকো বেঁচে গেছে। কারণ পরিস্থিতি মোকাবেলায় লোকজনের ব্যাপক প্রস্তুতি ছিল। সূত্র: এএফপি
