তুরস্কের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ২০:৫৮
তুরস্কের নতুন নিযুক্ত রাষ্ট্রদূত দেওরিম অজতুর্ক  আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। বৈঠকের সময়ে তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করার বিষয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বৈঠকের পরে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যেকার আন্তরিক ও গভীর সুসর্ম্পকের কথা তুলে ধরেন। প্রযুক্তি ও কারিগরি শিক্ষা এবং কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে টার্কিশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (টিআইকেএ) সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে তুর্কি সুসর্ম্পকের কথাও উল্লেখ করেন  শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর জানালে তুর্কি রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস নির্মূলে বৈশ্বিক সংহতি ও সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সর্ম্পক আরও জোরদারে কাজ করবেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্য-শিক্ষা খাতসহ বিভিন্ন খাতে দুই দেশের এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। দেওরিম ওজতুর্ক ভিশন-২০২১’র প্রশংসা করে দুই দেশের মধ্যে ‍উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের ওপরও জোর দেন এ সময়। সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।