রাজধানীর ধানমণ্ডিতে রোকসানা আক্তার (১৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর কলাবাগানের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
রোকসানার বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলায় কচুপাতা গ্রামে। প্রায় চার বছর ধরে তার বোন ধানমণ্ডি ২৭ এর ৩০ নম্বর বাড়িতে সিটি করপোরেশনের কর্মকর্তা ফরিদ মিয়ার বাসায় গৃহকর্মীর কাজ করত। মাঝে মাঝে তার বোনকে দেখতে এলে তখন রোকসানা জানাত, ফরিদ মিয়া ও তার স্ত্রী তাকে নির্যাতনের কথা। তিনি বোনকে বাড়ি নিয়ে যেতে চাইলে ফরিদ মিয়া কালক্ষেপণ করতেন।
তিনি আরও জানান, গত ১৮ অক্টোবর ফরিদ মিয়া তাকে ফোন করে বলেন, ‘আপনার বোন অসুস্থ, তাকে কলাবাগানের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি এসে দেখেন, তার বোনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা মারা যায়। তার বোনকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
