'বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব বিস্মিত'

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১১:৩১
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, 'আশুগঞ্জে আর্ন্তজাতিক অভ্যন্তরীণ কন্টেইনার নৌবন্দরে পরিণত হচ্ছে। আর এটি বাস্তবায়িত হলে আশুগঞ্জের পুরো চিত্র পাল্টে যাবে। বহুলোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।' দেশের সার্বিক উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব বিস্মিত হয়েছে। ২০২১ সালে মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।' 
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের ট্রান্সশিপমেন্ট পয়েন্টে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪টি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রবিবার বিকালে নৌপরিবহন মন্ত্রী এই উন্নয়ন প্রকল্প গুলো উদ্বোধন করেন। এ সময় এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন।
 
বিআইডাব্লিওটিএ উদ্যোগে আয়োজিত নৌবন্দরের ট্রান্সশিপমেন্ট পয়েন্টের পার্কি ইয়ার্ডে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষ (বিআইডাব্লিওটিএ)এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিতে উদ্বোধনী সভায় বক্তৃতা করেন নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়া প্রমুখ। 
 
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এম মাসুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন।
 
সমাবেশ শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বিআই ডব্লিউটি‘র তত্বাধানে আশুগঞ্জ নৌবন্দরে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি জেটি, ১ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওয়্যার হাউজ, পার্কিং ইয়ার্ড ও কাষ্টম হাউজ ও ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নৌবন্দরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কে ৫০৭ মিটার দীর্ঘ সংযোগ সড়কের উদ্বোধন করেন। এই ৪টি প্রকল্পের কাজ ২০১১ সালে জুলাই মাস থেকে শুরু হয়।