পুরান ঢাকার হোসেনী দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরুর আগে বোমা হামলার পর নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা হালনাগাদ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর বিদেশিদের উপর হুমকির বিষয়ে মার্কিনিদের জন্য জারি করা সতর্ক বার্তা এখনো বাস্তব ও বিশ্বাসযোগ্য।
দূতাবাস মার্কিন নাগরিকদের পূর্বসতর্কতা অবলম্বন এবং চলাচলে সব সময় সজাগ থাকার জন্য জোরালো পরামর্শ দিচ্ছে। একইসঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অবগত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। দূতাবাসের কর্মীদের বাংলাদেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
মার্কিন নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের মোটর সাইকেল, বাইসাইকেল, রিকশাসহ পায়ে হেঁটে চলাচলে নিষেধ করা হয়েছে সতর্ক বর্তায়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানসহ আন্তর্জাতিক হোটেলে কোনো জমায়েতে অংশগ্রহণ সীমিত করতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরো বলা হয়, হোসেনী দালান এলাকায় হামলায় অনেকেই আহত হয়েছেন এবং একজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএল।
