কানাডার প্রধানমন্ত্রীত্বের প্রস্ততি নিচ্ছেন জাস্টিন ট্রুডো

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ০৮:৪১
অবশেষে ‘গুড বাই হারপার/ ওয়েল কাম জাস্টিন’ পর্ব চলছে। বিরোধী দলের তরুণ রাজনীতিক জাস্টিনকে 'নট রেডি' বলে উপহাস করে যে বিজ্ঞাপন দিয়েছিলো, তা মিথ্যে প্রমাণ করে দলের বিজয়ের বার্তা আটলান্টিক উপকূল থেকে প্রশান্ত মহাসাগরমুখি উপকূলের দিকে ছড়িয়ে দিয়ে এখন  প্রধানমন্ত্রীত্বের প্রস্ততি নিচ্ছেন তিনি।
 
তারুণ্যের প্রতীক প্রাণবন্ত জাস্টিন ট্রুডো দেখা করছেন জনগণের সাথে, রাস্তায় নেমে শুভেচ্ছা বিনিময় করছেন, কমিউনিটির পার্টিতে যাচ্ছেন, মানুষের সাথে মিশছেন, মত বিনিময় করছেন, মজা করে নাচছেন, জিমে যাচ্ছেন আবার পাশাপাশি হারপারের সাথে গতবছর পার্লামেন্টহিলে সন্ত্রাসী হামলায় নিহত দুই নিরাপত্তা অফিসারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। 
 
বক্তব্য দিচ্ছেন আমেরিকার নেতৃত্বাধীন ইসলামিক স্টেট-বিরোধী অভিযান অর্থাৎ সিরিয়া ও ইরাক থেকে কানাডার ফাইটার জেট এবং কানাডীয় সেনা প্রত্যাহারের। সেই সাথে নির্বাচনী প্রতিশ্রুতির পুনঃব্যক্ত করছেন। যেমন, হারপার সরকার প্রণীত অভিবাসীদের কৌশলগত দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর বিল সি-২৪ বাতিল।
 
অভিবাসী বান্ধব দল লিবারেল পার্টির প্রধান জাস্টিন ট্রুডো মন্ট্রিয়লে তার বিজয় ভাষণে বলেন, আমি সকল কানাডিয়ানের প্রধানমন্ত্রী হতে চাই। বিভক্তির রাজনীতির পরিবর্তে ঐক্যের অভিব্যক্তি ব্যক্ত করে বহুজাতিকতার বৈচিত্র্যকে আলিঙ্গনে তিনি গুরুত্বারোপ করেন। IMG0
আগের নির্বাচনের মাত্র ৩৬ আসন থেকে ১৮৫ আসনে একক সংখ্যাগরিষ্ঠতায় ফিরে এসে  তিনি আরো বলেন, আমরা প্রত্যাশার মাধ্যমে শঙ্কাকে দূর করেছি এবং হতাশাকে কঠোর পরিশ্রমে জয় করেছি। আমরা নেতিবাচক ও বিভক্তির রাজনীতিকে সোনালী আলোচ্ছটায় ঐক্যে রূপ দিয়েছি।
 
উল্লেখ্য, ক’মাস আগে প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের বিরুদ্ধে গান লিখে চাকরিচ্যুত হতে যাচ্ছিলেন শিল্পী টনি টর্নার। তার ‘হারপারম্যান’ শীর্ষক গানটি  প্রকাশ করার পর ব্যাপক জনপ্রিয়তা পায়। টনি এনভায়রনমেন্ট কানাডায় কুড়ি বছর ধরে পরিবেশ বিজ্ঞানী হিসেবে চাকরি করেছেন। হারপার এবং তার সরকারের তীব্র সমালোচনা করে গান লেখা ও গাওয়ার অপরাধে এই বিজ্ঞানীকে আপাতত বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি লংঘনের অভিযোগ আনা হয়েছে। গানটি মূল থিম হচ্ছেঃ ‘হারপারম্যান, এখন তোমার যাওয়ার সময় হয়েছে’