জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার জীব বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র আট ঘণ্টার মধ্যেই এ ফল প্রকাশ করা হয়।
বিভিন্ন ভাগে অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৩৬ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছাত্রদের ২১২টি আসনের বিপরীতে দুই হাজার ১৪৭ জন এবং ছাত্রীদের ১৫৩ আসনের বিপরীতে এক হাজার ৬৭ জন পাস করেছে। এছাড়া সঠিকভাবে উত্তরপত্র পূরণ না করার কারণে ৪৬৫ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে। ৮০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৬৭.৪০ নম্বর পর্যন্ত উঠেছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.juniv.edu/admissionresults পাওয়া যাবে। এছাড়া মোবাইলের মেসেজ এর মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। এ বছর জীব বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪১ হাজার ৯১ জন পরীক্ষার্থী।
এদিকে বুধবার ‘বি’ ইউনিটভুক্ত সমাজ বিজ্ঞান ও ‘এইচ’ ইউনিটভুক্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের ৩৫৫ আসনের বিপরীতে ১৮ হাজার আটশ ৫২টি এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি)৫০টি আসনের বিপরীতে ১২ হাজার সাতশ ৯১টি আবেদন জমা পড়েছে।
