জন্মদিনের নতুন নিয়ম

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:১৮

 

  নাফছি জাহান

 

ধোলাই মিয়ার ব্যস্ত জীবন সময় তাহার কই?

চার জন্মদিন একবছরে শুনে বেহুঁশ হই।

বাস্তবিকে একটি হলেও, সার্টিফিকেট নাই?

ফেসবুকটা বাদ যাবে কেন? বল না তোরা ভাই।

মুখে যখন বলে বয়স আরও কমে যায়,

চার জন্মদিন নিয়েই বুঝি ধোলাই শান্তি পায়।

ধোলাই মিয়ার দোষটা কোথায় এটাই যুগের খেল,

এই দোষেতে তাকে ধরে কেউ কি দেবে জেল?

জন্মদিনের পার্টি চলে ধোলাই মিয়ার চার,

করবে খরচ টাকা অনেক মানবে না সে হার।

এই যুগেতে একটি দিনে সন্তুষ্ট কেউ নয়,

একটি, দুটি, তিনটি নিয়ে খুশি তারা হয়।

জন্মদিনের নতুন নিয়ম মানছে যখন সব,

ধোলাই মিয়া মানবে না তা? তুমিই বলো রব।

যুগের সাথে তাল মিলিয়ে ধোলাই চলতে চায়,

ভুল-সঠিকের সংমিশ্রণে দিনটা চলে যায়।

 

কাউতলী, ব্রাহ্মণবাড়িয়া