‘এএসআই ইব্রাহিম হত্যাকাণ্ডে শিবির নেতা জড়িত’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ১৬:০৮
এএসআই ইব্রাহিম হোসেন মোল্লাহ হত্যাকাণ্ডে এক শিবির নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। আজ মঙ্গলবার দুপুরে গাবতলীতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। 
 
গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতে গাবতলীতে দুই মাদকাসক্ত যুবককে তল্লাশি করতে চাইলে  একজন এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছুরির আঘাতে এএসআই ইব্রাহিমের মৃত্যু হয়। এ ঘটনার পরে একজন পালাতে পারলেও সুমন নামের একজনকে আটক করে পুলিশ। পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানিয়েছেন মোটর সাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দ্বিতীয় জন বগুড়া জেলার শিবির নেতা এনামুল হক।  তিনি বলেন, পুলিশ শিবির নেতা এনামুল হককে গ্রেফতার করার চেষ্টা করছে। হাসান জানিয়েছেন ওই সময়ে কর্তব্যরত পুলিশদের কোনো গাফিলতি ছিল কী না সেটিও খতিয়ে দেখা হবে।