হাসপাতালে দিয়াগো কস্তা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৪:৫৪
 
পাঁজরের হাড়ে আঘাত পাওয়া চেলসি স্ট্রাইকার দিয়াগো কস্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেলসি ম্যানেজার হোসে মরিনহো বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার লিগ কাপের ম্যাচে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামে চেলসি। ম্যাচের ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে বুকে আঘাত পান কস্তা। তখনই তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড লোইক রেমাই।
 
ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কস্তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ইনজুরিটি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি মরিনহো।
 
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হবার পরে পেনাল্টিতে ৫-৪ গোলে পরাজিত হয় চেলসি। ইডেন হ্যাজার্ডের শেষ শটটি আটকে দিয়ে বাটল্যান্ড স্টোক সিটিকে দারুন এই জয় উপহার দেন।
 
এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইংল্যান্ডে খেলতে এসে গত মৌসুমে ২১ গোল করে চেলসির সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২৭ বছর বয়সী কস্তা।-বাসস।