যুক্তরাষ্ট্রের 'লিবার্টি মেডেল' পেলেন দালাই লামা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৮:০০
 
যুক্তরাষ্ট্রের ‘লিবার্টি মেডেল’ পেলেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। সারাবিশ্বে মানুষে মানুষে সহমর্মিতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। গত মঙ্গলবার ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে তাকে এ সম্মানসূচক পুরস্কারে ভূষিত করা হয়।- খবর এনডিটিভি’র।
 
৮০ বছর বয়সী এই ধর্মীয় নেতার পক্ষ  থেকে তার প্রতিনিধি থুপটেন জিনপা এবং হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার মূল্য হিসেবে তাকে এক লাখ মার্কিন ডলার নগদ প্রদান করা হবে।
 
অনুষ্ঠানে দালাই লামা এক ভিডিও বার্তায় বলেন, অনুষ্ঠানে থাকতে না পেরে আমি খুব দুঃখিত। তবে আমি নিজেকে একজন ‘সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী’ মনে করি। এর বেশি কিছু নয়। তিনি বলেন, 'আর্তের সেবায় আমার অবদান খুবই ক্ষুদ্র। কিন্তু এ পুরস্কার আমার মনকে গভীরভাবে স্পর্শ করেছে। আমার মৃত্যু পর্যন্ত মানুষের স্বাধীনতা, মুক্তির লক্ষ্যে কাজ করে যাব।' স্বাস্থ্যগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র সফরে আসতে পারেননি এ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে নোবেল পুরস্কার পান তিনি।