প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নন-এমপিও শিক্ষক কর্মচারীরা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৫:১০
 
এমপিও ভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের শিক্ষকরা। এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়া হয়।
 
এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমাবেশে বলা হয়, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে শিক্ষকদের আন্দোলন সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে তাকে অবহিত করতে চান আন্দোলনকারীরা।
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলন করছেন তারা।
 
অবস্থান কর্মসূচিতে ফেডারেশনের পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, যোগদানের তারিখ থেকে বয়স গণনা করতে হবে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান বন্ধ রাখতে হবে, এমপিও প্রদানে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত ও ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডেক্স নম্বর দিতে হবে।
 
ফেডারেশনের সভাপতি এশারত আলী, সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।